স্টাফ রিপোর্টার
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের পেছনের গলির মাথায় স্টার কাবাব রেস্টুরেন্টের অদূরে তাদের লক্ষ্য করে অন্তত ৫ রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি’র তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম। তিনি বলেন, স্টার কাবাবের পাশে বসুন্ধরা সিটির পেছনের গলিতে ওই দুজনকে গুলি করা হয়। তাদেরকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে মুছাব্বিরকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আর আনোয়ার হোসেনের পেটে গুলি লাগায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা ঠিক কী কারণে গুলি করেছে তা এই মুহূর্তেই বলা যাচ্ছে না। আমরা পুরো বিষয়ে খোঁজ নিচ্ছি। যে বা যারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। চাঁদাবাজিকে কেন্দ্র করে কয়েকদিন আগে কাওরান বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় কাওরান বাজার স্টার কাবাবের সামনের সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে একদল লোক মিছিল করে। ওই মিছিল হওয়ার কিছু সময় পরই গুলির ঘটনা ঘটে।
মন্তব্য করুন